মাহবুবুল হক খান, দিনাজপুর: প্রকৃতিতে অনেক সময় অনেক অলৌকিক ঘটনা ঘটে। এ সব ঘটনায় আমরা শুধু অবাকই হইনা। অনেক সময় এসব ঘটনা অবিশ্বাস্যও মনে হয়। এমনই একটি ঘটনা ঘটেছে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পুনট্টি গ্রামের মোসাদ্দেক হোসেন খোকনের ডেইরি ফার্মে।
খোকনের ফার্মে দশ মাস আগে তার একটি গাভী বকনা বাছুর প্রসব করে। স্বাভাবিক নিয়মে গাভীটি নিয়মিত দুধ দিচ্ছিল। এভাবে প্রায় দশ মাসে বকনা বাছুরটি বেশ নাদুস নুদুস হয়ে ওঠে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওই বাছুরটিও মায়ের মতো দুগ্ধবতী হয়ে ওঠে।
সরেজমিনে ওই ডেইরি ফার্মে গেলে মালিক মোসাদ্দেক হোসেন খোকন জানান, বাছুরটির বয়স যখন ৬ মাস তখনই ওলানের প্রশস্ততা বাড়ে যায় এবং এক পর্যায় একটি বাট দিয়ে পুঁজের মতো গাঢ় দুধ বের হয়ে আসে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে ডাক্তার তেমন কোনো চিকিৎসা না দিয়ে দৈনিক দুধ দোহনের পরামর্শ দেন। পর্যায়ক্রমে চারটি বাট দিয়ে স্বাভাবিক দুধ বের হয়। ওই দুধ চিরিরবন্দর মিল্কভিটা দুগ্ধ ও শীতলীকরণ কেন্দ্রে পরীক্ষা করা হলে কর্তৃপক্ষ স্বাভাবিক দুধ বলে জানায়।
মোসাদ্দেক হোসেন খোকন আরো জানান, প্রথমে দৈনিক আধা লিটার দুধ দিতো বাছুরটি। আস্তে আস্তে দুধের পরিমাণ বৃদ্ধি পেয়ে বর্তমানে ২ থেকে আড়াই লিটার দুধ দিচ্ছে।
ওই বাছুরকে দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ মোসাদ্দেক হোসেন খোকনের ডেইরি ফার্মে ছুটে আসছেন। এ বিষয়টি নিয়ে এলাকাবাসী ও অনেক আলেম-ওলামা বললেন, এটি একটি অলৌকিক ঘটনা। আবার হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেন, এ ধরনের গাভীকে সাধারণত কামধেনু বলা হয়ে থাকে।
এ ব্যাপারে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর ড. হারুনুর রশীদ ও চিরিরবন্দর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক হোসেন বলেন, ‘এটি অস্বাভাবিক ঘটনা। হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় অপরিপক্ক বয়সেই সাধারণত দুধ দিয়ে থাকে।’