ঢাকা : স্বাস্থ্য সেবার পাঁচ বিষয় নিয়ে উভয় দেশ সহযোগীতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মালদ্বীপ।
মঙ্গলবার দুপুরে হোটেল সোনারগাঁও অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভার অন্তর্বর্তীকালীন সময়ে এই সমাঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক ও মালদ্বীপের পক্ষে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হুসেইন রাশেদ স্বাক্ষর করেন।
এই সমঝোতার স্বাক্ষরের ফলে উভয় দেশের চিকিৎসকদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় বাড়বে। এছাড়াও বাংলাদেশের মেডিকেল কলেজে মালদ্বীপের ছাত্র-ছাত্রীরা ভর্তি, বাংলাদেশের নার্সিং কলেজে মালদ্বীপের ছাত্র-ছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এই চুক্তির ভিত্তিতে বাংলাদেশ হতে মালদ্বীপে ঔষধ আমদানী করা যাবে। এছাড়া চিকিৎসক ও নার্স মালদ্বীপে নিয়োগ দেওয়া যাবে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল ২০১৩ তারিখে মালদ্বীপ সরকারের মন্ত্রী বাংলাদেশ সফর করে। উক্ত সফরকালে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের মধ্যে স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয়ে সহযোগীতা সংক্রান্ত আলোচনা হয়।