এম আর মহসিন, সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধিরা চরম অবহেলার শিকার হচ্ছেন। নবনির্মিত তিনটি একাডেমিক ভবন এবং তেরটি টয়লেটে প্রতিবন্ধি শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কোন ঢালু পথ তৈরী করেন নি সংশ্লিষ্ঠরা।
সৈয়দপুর উপজেলার নিজবাড়ী দূর্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশু মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ময়দানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবন নির্মাণ করা হলেও ভবনগুলোতে প্রতিবন্ধী শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রবেশের জন্য কোন র্যাম্প (ঢালুপথ) রাখা করা হয়নি এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে নির্মাণাধীন ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটগুলোতেও রাখা হয়নি প্রতিবন্ধীদের প্রবেশের পথ অথচ টয়লেটের ভেতরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যবহারের জন্য হাই কমোডের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিবন্ধি শিক্ষার্থী এবং শিক্ষক থাকা সত্বেও একাডেমিক ভবন কিংবা টয়লেটে প্রবেশের কোন পথ না থাকায় গত রবিবার সৈয়দপুরের প্রতিবন্ধি সংগঠন দিশারি জেলা পর্যায়ে সকল শিক্ষা সংশ্লিষ্ট দফতরে প্রতিকার চেয়ে লিখিত আবেদন জানিয়েছে।
তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের বলেন, স্কুলগুলোয় নির্মাণাধীন টয়লেটের অনুমোদিত নকশায় ঢালু পথ না থাকায় কিছু করনীয় ছিল না। আগামীতে নীতিমালা অনুসরণ করে নকশা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে বিষয়টি অবহিত করা হবে বলে জানান তিনি।
প্রতিবন্ধিদের নিয়ে কাজ করা বেসরকারী উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের এসকে মামুন ও শার্প কর্মকর্তা আখতার হোসেন রেজা বলেন, প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর ধারা-৩৪ ও প্রাইমারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-৩ এ যে কোন গণস্থাপনায় প্রতিবন্ধি ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করনের বিষয়টি বিশেষ গুরুত্ব প্রদান করে প্রবেশ পথে র্যাম্প স্থাপনের কথা বলা হলেও সৈয়দপুরে স্কুলের একাডেমিক ভবন ও টয়লেট নির্মাণে বিষয়টি উপেক্ষা করা হয়েছে।