আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনী সেনাবাহিনীর সহযোগিতায় তালেবান গেরিলাদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়েছে। এতে ৫০ জন নিহত ও অপর ১৩ জন গেরিলা আহত হয়েছেন।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, নিরপত্তা বাহিনী আফগানিস্তানের বাগলান, গজনি, খোসত, কুনার, লগার, নানগারহার, পাকতিকা এবং তাখার প্রদেশে অভিযান চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।
অভিযানে চার তালেবান গেরিলাকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানে আফগান নিরাপত্তা বাহিনীর পক্ষে কেউ নিহত হয়েছে কি না বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।
অবশ্য তালেবান গেরিলারা তাদের পক্ষে কোনো হতাহতের ঘটনাকে স্বীকার করেনি এবং এ ব্যাপারে তাদের কোনো বিবৃতিও পাওয়া যায়নি।
সম্প্রতি তালেবান গেরিলারা সামরিক ও বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা মাত্রা বাড়িয়ে দিয়েছে। চলতি বছর আরো বেশি হামলা করা হবে বলে এর আগেই তালেবান ঘোষণা দিয়েছিল।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ওয়াশিংটনের কথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে আফগানিস্তানে ২০০১ সালে সামরিক অভিযান চালায়। এতে তালেবান সরকারের পতন হলেও দেশটিতে এখনো শান্তি ফিরে আসেনি।-ওয়েবসাইট।