রাজশাহী: রকি কুমার ঘোষকে সভাপতি ও মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাত সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এই ঘোষণা দেন।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি আনিকা ফারিয়া জামান অর্ণা ও রমজান আলী জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম খান ববিন ও আফম মাহমুদুর রহমান দীপন এবং সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আমিনুর মাসুদ।
আগামী এক সপ্তাহের মধ্যে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
কমিটি ঘোষণাকালে সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি শফিকুজ্জামান শফিক ও সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু উপস্থিত ছিলেন।
বুধবার দুপুরে রাজশাহী মহানগর ছাত্রলীগের কাউন্সিলের উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
পরে বিকেলে রাজশাহী মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবেদনকারীদের সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকার শেষে রাত ৯টার দিকে মহানগর ছাত্রলীগের এই কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে শফিকুজ্জামান শফিক সভাপতি ও মীর তৌহিদুর রহমান কিটুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ চার বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।