মাহবুবুল হক খান, দিনাজপুর: শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে শিক্ষার গুনগতমান বৃদ্ধি করা। শিক্ষার গুনগতমান বাড়াতে পারলে এবং শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনলে অনেক মেধাবীরা শিক্ষকতা পেশায় এগিয়ে আসবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হয়নি সেসব প্রতিষ্ঠান অচিরেই এমপিওভূক্ত করা হবে। বর্তমান সরকার শিক্ষকদের জন্য আলাদা বেতন কমিশন গঠন করে শিক্ষা ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করার পরিকল্পনা করছে। অচিরেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর জিলা স্কুল মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন, দিনাজপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলামসহ শিক্ষক প্রতিনিধিরা।
এর আগে মন্ত্রী ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে জেলায় প্রথম স্থান অধিকারকারী হলিল্যান্ড কলেজ, দিনাজপুর সরকারী কলেজ উচ্চ মাধ্যমিক শাখা, কেবিএম কলেজ, কালেক্টরেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ও ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। রাতে মন্ত্রী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।