রংপুর: রংপুরে জাতীয় পার্টির কার্যালয় রাঙ্গা সমর্থকদের দখলে করে রেখেছে। রয়েছে পুলিশের পাহারাও। শুক্রবার বিকেলে প্রেসিডিয়াম পদ ও জেলা ও মহানগর কমিটি পুনর্বহালের দাবিতে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে সমাবেশ ও বিক্ষোভ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সমর্থক নেতাকর্মীরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে কাফনের কাপড় পরে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তারা।
দাবি আদায়ে রাঙ্গা সমর্থক নেতাকর্মীরা বিকেল ৪টায় পার্টি অফিসে জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পার্টি কার্যালয়ে জেলা সহ সভাপতি আব্দুল লতিব খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও জেলা সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, জেলা যুব সংহতির সেক্রেটারি হাসানুজ্জামান নাজিম, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সি্দ্দিকী, মহিলা পার্টির সভাপতি রাজিয়া সুলতানা কল্পনা, সদর উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারি মেজবাউল ইসলাম মিলন, গঙ্গাচড়া জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম, ওলামা পার্টির সভাপতি হাবিবুর রহমান, যুব সংহতির মহানগর সেক্রেটারি ইউসুফ আহম্মেদ, মহানগর ছাত্রসমাজের সভাপতি সাইফুল ইসলাম রিপন, জেলা সভাপতি নাজুমল হুদা লাবলু, সেক্রেটারি আশরাফুল হক জবা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্যারের কোন সিদ্ধান্তের বিরোধিতা করার সাধ্য আমাদের নেই। তবে আমাদের দাবি রংপুরে রাঙ্গা ছাড়া জাতীয় পার্টিকে বাঁচাতে আর কোনো নেতাই নেই। তাই স্যারকে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাচ্ছি।
তারা বলেন, স্যার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন সব রাঙ্গা সাহেবের কারণে। তিনিই স্যারের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন, নির্বাচনে টাকা পয়সা খরচ করেছেন।
সভায় বক্তারা বলেন, এরশাদ ঢাকায় বসে অন্যের প্রচরনায় ভুল সিদ্ধান্ত নিয়ে মামা ভাগ্নের সম্পর্ক দূরত্ব করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসময় তারা আগামী ৪৮ ঘণ্টার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ অব্যহতি প্রত্যাহার করা না হলে জাতীয় পাটির মাঠ পর্যায়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে কাফনের কাপড় পরে আমরা রাস্তায় অবস্থান নেবো।
রাঙ্গাকে অব্যাহতি দেয়ার পর মুহূর্ত থেকেই রংপুর মহানগরীর জাতীয় পার্টি কার্যালয় রাঙ্গা সমর্থকরা দখলে রাখে। বৃহস্পতিবার রাতে জাতীয় যুব সংহতির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক ও সেক্রেটারি হাসানুজ্জামান নাজিমের নেতৃত্বে বিশাল শোডাউন করে পার্টি কার্যালয়ের ভেতরে সমাবেশ করে। পরে কর্মসূচি দেয়া হয়।
অন্যদিকে বুধবার বিকেল থেকেই পার্টি কার্যালয়ের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য করা হয়েছে। একই দাবিতে গঙ্গাচড়াসহ বিভিন্ন উপজেলাতেও রাঙ্গা অনুসারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।