সিসি নিউজ: বিভিন্ন মামলার পলাতক আসামি আব্দুর রাজ্জাক রিংকু (২৫) নামের এক শিবির নেতাকে গ্রেফতার করেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে জেলার ডিমলা রংপুর সড়কের বিন্যাকুড়ী নামক স্থানে একটি এ্যাম্বুলেন্স থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিংকু জেলার জলঢাকা পৌরসভার ৫নং ওয়ার্ডের আমরুলবাড়ী এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি জলঢাকা উপজেলা শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি।
জানা যায়, আজ রোববার রাতে তিনি এ্যাম্বুলেন্সযোগে রংপুর হতে জলঢাকা নিজ বাড়ি ফিরছিলেন। এমন খবর পায় পুলিশ। জলঢাকা থানার পুলিশ অভিযান শুরু করে। পথিমধ্যে রাত ৮টার পরে এ্যাম্বুলেন্সটি ওই স্থানে আসামাত্র জলঢাকা থানা পুলিশ এ্যাম্বুলেন্সটি আটক করে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অগ্নি সংযোগ, ভোটকেন্দ্র ডাকাতিসহ জলঢাকা থানায় এক ডজনের অধিক মামলা রয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।