সিসিনিউজ: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শুক্রবার সকাল ১০টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের দফায় দফায় সংঘর্ষের পর রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান সরকার সাংবাদিকদের এ কথা জানান।
নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে শিবির-পুলিশ সংঘর্ষ হয়। এর পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় রাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়ের লে. সেলিম হলে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ শিবিরকর্মী আহত হন। এর আগে রুয়েট সংলগ্ন অক্ট্রয় মোড়ে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতেও পাঁচ শিবিরকর্মী আহত হন। দুপুরে রুয়েট শাখা শিবিরের সেক্রেটারিসহ দুই নেতাকে আটক এবং পরে শহীদ লে. সেলিম হলে তল্লাশি চালিয়ে আরো ১০ কর্মীকে আটক করে পুলিশ।