ঢাকা: দেশের পাঁচটি উপজেলায় চলছে ভোটগ্রহণ। এর মধ্যে দু’টি উপজেলায় সাধারণ নির্বাচন এবং তিনটি উপজেলায় উপ-নির্বাচন চলছে।
রোববার সকাল ৮টায় এসব উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত।
বরিশালের মেহেন্দিগঞ্জ ও নেত্রকোনার আটপাড়ায় সাধারণ নির্বাচন এবং ফেনীর ফুলগাজী উপজেলা নির্বাচনের চেয়ারম্যান এবং খুলনার দিঘলিয়া ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। উপনির্বাচন উপলক্ষে উপজেলাগুলোতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। মেহেন্দিগঞ্জ ও আটপাড়া উপজেলায় সাধারণ নির্বাচন হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আর বাকি তিন উপজেলায় শুধু বিজিবি ও র্যাব সদস্য নামানো হয়েছে। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।