ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যই নিষ্ক্রিয়। ১৯ জনের এই কমিটির ছয় জন অসুস্থ, কারাগারে দুই জন, দীর্ঘ দিন বিদেশে তারেক রহমান। বাকিদের অনেকেই নিজেকে গুটিয়ে রেখেছেন। কমিটির সক্রিয় সদস্যদের কেউ কেউ মনে করছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দ্রুতই ঢেলে সাজানো দরকার। খবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের।
বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বেশিরভাগ পুরোনো ও বয়োজ্যেষ্ঠ সদস্য। সক্রিয় দেখা যায় এদের হাতেগোনা কয়েক জনকে। ড. আর এ গনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। অসুস্থতার কারণে অনেকটাই আড়ালে চলে গেছেন বেগম সারোয়ারি রহমান, এম. শামসুল ইসলাম এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও বেশিরভাগ সময়ই থাকেন অসুস্থ। চিকিৎসার জন্য প্রায় ছয় বছর লন্ডনে তারেক রহমান।
সালাহউদ্দিন কাদের চৌধুরী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে। দুর্নীতির মামলায় সাত মাস ধরে কারাঅন্তরীণ ড. খন্দকার মোশাররফ হোসেন। আর ব্যক্তিগত মামলা নিয়ে ব্যস্ত দলের অন্যতম সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।
নতুন কমিটি হতে হলে দলের কাউন্সিল হতে হবে। কিন্তু দুই বছর ধরে কাউন্সিলের তারিখ পেছাচ্ছে। দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে গিয়ে কাউন্সিলের জন্য আরেকদফা সময় চাওয়া হয়েছে।