মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বুড়া শিববাড়ী সড়কের সেতুটি দীর্ঘ ২৬ বছর পূর্বে বিধ্বস্ত হলেও এখন পর্যন্ত এই সেতুটি মেরামত অথবা পুনঃ নির্মাণের কোন উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন।
এলাকাবাসী জানায়, বীরগঞ্জ উপজেলা সদরের সাথে আশপাশের গ্রামের লোকজনের যোগাযোগের মাধ্যম উপজেলার সাতোর ইউনিয়নের বুড়া শিববাড়ী সড়কের সেতুটি। এই সেতু দিয়ে প্রতিদিন বীরগঞ্জ উপজেলা সদর, দলুয়াসহ বিভিন্ন স্থানে হাট-বাজারে যাতায়াত করে কয়েক হাজার মানুষ। ১৯৮৮ সালের বন্যায় এই সেতুটি বিধ্বস্ত হয়। এর পর দীর্ঘ প্রায় ২৬ বছর অতিবাহিত হয়েছে। কিন্তু এতটি বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত সেতুটি মেরামত বা পূনঃনির্মাণের কোন উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। ফলে এই সেতু দিয়ে চলাচলকারী মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এলাকার মানুষ তাদের উৎপাদিত ফসল সময়মত বাজারজাত করতে পারছেন না। আর এতে করে বিরুপ প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে। এলাকাবাসি এই সেতুটি দ্রুত পূণঃনির্মাণের দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, সেতাবগঞ্জ চিনিকলের আখ পরিবহনের জন্য ১৯৮৮ সালে সেতাবগঞ্জ চিনিকল কর্তৃপক্ষ এই সেতুটি নির্মাণ করে। ওই বছরই বন্যায় সেতুটি ভেঙ্গে যায়।