ঢাকা : সরকার বিএনপির চেয়ারপারসন ও ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি’র (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।
বুধবার সকালে নয়া পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
দেশে গণতন্ত্র বলে এখন আর কিছুই অবশিষ্ট নেই উল্লেখ করে এনডিপি চেয়ারম্যান বলেন, গত ৫জানুয়ারি একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে একটি অবৈধ সরকার জনগণের ঘাড়ে বসে দেশ চালাচ্ছে। একারণেই দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।
তিনি বলেন, গণতন্ত্রের লেবাসে বর্তমান সরকার ডিজিটাল বাকশাল কায়েমের ফন্দি হিসাবে অবৈধ সংসদে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে। এর আগে তারা সম্প্রচার নীতিমালার নামে সাংবাদিকদের কলমের স্বাধীনতাও কেড়ে নিয়েছে।
সরকার সুশাসন ভূলুন্ঠিত করে, জনগণকে জিম্মি করে গুম, খুন, দুর্নীতি, সন্ত্রাস ও অপহরণের রাজনীতি কায়েম করেছে উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার ও মৌলিক অধিকার আজ বিপন্ন। বাকস্বাধীনতা বলতে এখন আর কিছুই নেই। রাষ্ট্রীয়ভাবে গুম-খুনের ট্রেড লাইসেন্স দিয়েছে সরকার।
তিনি বলেন, বিচারপতিদের অভিশংসন আইন সংসদে অবৈধভাবে পাশের প্রতিবাদে ২২সেপ্টেম্বর সারাদেশে ২০দলীয় জোটের হরতাল ডাকা হয়েছিল। হরতাল জনগণের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার বর্তমান সরকার পুলিশ, র্যাব ও বিজিবি’র মাধ্যমে পদদলিত করেছে।
বিরোধীদলের কোন নেতা-কর্মীদের রাজপথে নামতে দেয়া হচ্ছে না উল্লেখ করে এনডিপি চেয়ারম্যান আরো বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব মো. আব্দুল মোকাদ্দিম যাত্রাবাড়ীতে হরতাল সফল করতে গিয়ে পুলিশের নির্বিচারে লাঠি পেটায় মারাত্মকভাবে আহত হয়েছে।
সারাদেশে বিরোধীদলের হাজার হাজার নেতা-কর্মীদের নামে মামলা, হামলা ও গণগ্রেফতার চলছে উল্লেখ করে তিনি বলেন, ২০দলীয় জোটের শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।
এনডিপি চেয়ারম্যান রাষ্ট্রপতির সমালোচনা করে বলেন, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। কিন্তু তিনি বিচারপতিদের অভিশংসন আইন সংসদে পাশ হতে না হতেই সম্মতি জ্ঞাপন করে নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি নয়, বরং বাংলাদেশ আওয়ামী লীগের রাষ্ট্রপতি হিসাবে প্রমাণ করেছেন।
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এমন আশা করে তিনি বলেন, দেশের এই গভীর সংকটে রাষ্ট্রপতি যদি সকল দলকে ঐক্যবদ্ধ করে আগামীতে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে পারেন, তা হবে দেশবাসীর জন্য শ্রেষ্ঠ উপহার।
এনডিপিকে নিয়েও গভীর চক্রান্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, ২০দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জোটভুক্ত হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি ছিল, আছে এবং থাকবে।
ইতিপূর্বে এনডিপির ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারীদের দলের জরুরী সভায় বহিস্কার করা হয়েছে দাবি করে খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, এরপরেও কেউ যদি এনডিপির নাম ভাঙিয়ে কোন চক্রান্ত-ষড়যন্ত্র করে সেই বিষয়ে দেশবাসী ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।