ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে বুধবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একজন মারা গেছেন। আরো নয়জন অর্থকড়ি হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নাম মো. সোলেমান (৫০)। তাকে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মগবাজার থেকে উদ্ধার করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, বুধবার বিকাল সাড়ে তিনটায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মো. আলমগীর (৫০) নামে এক ব্যক্তিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে এলাকাবাসী হাসপাতালে নিয়ে আসে। তার বাসা কদমতলী থানার রায়েরবাগ এলাকায়। বিকাল সাড়ে চারটায় তাজউদ্দিন (৬০) নামের আরেক ব্যক্তিকে মিরপুর থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনিও অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। তার বাড়ি আশুলিয়ার নরসিংহপুর গ্রামে।
পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বিকাল সাড়ে চারটায় মো. সোলেমান (৫০) নামের আরেকজনকে মগবাজার থেকে উদ্ধার করা হয়। বিকাল সাড়ে পাঁচটার সময় গুলিস্তান থেকে উদ্ধার করা হয় মো. ইব্রাহিম (২৫) নামের এক যুবককে। তিনি যাত্রাবাড়ির একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেন। তার বাড়ি ডেমরার চনপাড়ায়।
লালবাগ এলাকা থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তিকে উদ্ধার করেন লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জাব্বার। সকাল ১০টার সময় যাত্রাবাড়ি থেকে আবদুর রহিম (৫০) নামের আরেকজনকে নিয়ে আসেন এক অটোরিকশা চালক।
এছাড়া মনির হোসেন (২৫), আবুল কাশেম (৩৫), নজরুল ইসলাম (৩০) ও খোরশেদ আলমকে (৫০) দুপুর দু’টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাদের সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।