খেলাধুলা ডেস্ক: দীর্ঘ দিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই করা ভারতীয় পেসার জহির খান আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া। আর এ জন্য আসন্ন রনজি টুর্নামেন্টকেই বেছে নিয়েছেন তিনি। এ টুর্নামেন্টের মাধ্যমে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে আশাবাদী জহির।
নিজের ফিটনেস ফিরে পেতে দক্ষিণ আফ্রিকায় অনুশীলন করার পর এখন দেশেই কঠোর পরিশ্রম করছেন জহির। গত মে মাস থেকে কাঁধের ইনজুরি নিয়ে লড়াই করা দেশসেরা এ পেসারের বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেটে দেয়ার মতো এখনো তার অনেক কিছুই বাকি আছে।
এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জহির খান বলেন, ‘গত মে মাস থেকে কাঁধের ইনজুরির সমস্যায় ভুগছি ঠিকই। তবে অবস্থার বেশ উন্নতি হয়েছে এবং ফিটনেসের অবস্থাটাও বেশ ভালো পর্যায়ে রয়েছে। তবে সব কিছুই নির্ভর করছে ম্যাচ ফিটনেসের ওপর। তাই আসন্ন রনজি টুর্নামেন্টে বোঝা যাবে ফিটনেসটা কোন অবস্থায় আছে।’
সাত মাস আগে ভারতীয় দলের নিউজিল্যান্ড সফরে ভারতের হয়ে সর্বশেষ ম্যাচ খেলা জহির খান বলেন, ‘চলমান চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্টের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারব বলে আশা করেছিলাম। কিন্তু সেটা সম্ভব হলো না। তাই এখন আমার লক্ষ্য রনজি টুর্নামেন্ট। রনজিতে কেবলমাত্র ফিটনেস নয় ভালো পারফরমেন্স করেই নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।’
এছাড়া ভারতীয় দলের সর্বশেষ ইংল্যান্ড সফর নিয়েও কথা বলেন জহির। তিনি বলেন, টেস্ট সিরিজে দল পরাজিত হয়েছে ঠিকই তবে কিছু ইতিবাচক দিকও এ সফরে ছিল। বিশেষ করে দলের নতুন দুই তরুণ পেসার ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামির প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, ইংলিশ কন্ডিশনে খাপ খাওয়ানোটাই আমাদের জন্য অনেক কঠিন। আমরা যে কন্ডিশনে খেলে অভ্যস্ত ইংল্যান্ডে ঠিক তার বিপরীত। তাছাড়া আমাদের দলটি নতুন। ভাল করার জন্য এ সকল খেলোয়াড়কে আরো সময় দেয়া দরকার। বিশ্বকাপ শিরোপা অক্ষুণ্ন রাখার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী জহির বলেন, ওয়ানডে ক্রিকেটে বেশ কিছু দিন যাবতই ভারতীয় দল ভালো করছে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কন্ডিশন ভিন্ন হলেও টুর্নামেন্টের আগে সেখানে দল বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। অবশ্য বিশ্বকাপে কোনো দলকেই ছোট করে দেখছেন না তিনি।
জহির খান বলেন, বিশ্বকাপে কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। সব দলই তাদের সেরা খেলোয়াড় মাঠে নামাবে। সুতরাং কাউকে ছোট যেমন ভাবা চলবে না। তেমনি আত্মতুষ্টিতেও ভোগা যাবে না। বিশ্বকাপে ইতোপূর্বেও কাগজে-কলমে বড় বড় অনেক দল নিচের সারির দলের কাছে পরাজিত হয়েছে। তবে আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারলে শিরোপা ধরে রাখা অসম্ভব নয়। সূত্র: ওয়েবসাইট