ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, “সরকারের জনসমর্থন নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে। খবর পেলাম সরকারের মন্ত্রী-এমপিদের পাসপোর্ট জমা রাখা হয়েছে। যাতে তারা দলের মূল নেতাকে রেখে বিদেশে পালিয়ে যেতে না পারেন।”
রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক-২০১৪ ও বর্তমান প্রেক্ষাপটে দেশ প্রেমিক জনগণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, “ভোটার বিহীন নির্বাচনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ এখন বড় বড় কথা বলছে। বিচার বিভাগকে তারা ধ্বংস করেছে। এখন বিচারকদের চাপে রাখতে অভিসংশন আইন পাস করছে।”
সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সবার প্রতি আহ্বান জানান খন্দকার মাহবুব।