খেলাধুলা ডেস্ক : চলমান ১৭তম এশিয়ান গেমসে কাবাডিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩০-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ প্রমীলা কাবাডি দল।
সোমবার দক্ষিণ কোরিয়ায় ইনচনে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশের মেয়েদের। গতবারের এশিয়াডেতে এই দক্ষিণ কোরিয়াকে হারিয়েই ব্রোঞ্জ জেতে বাংলাদেশ নারী দল।
ম্যাচের প্রথম থেকেই বাংলাদেশের মেয়েদের গতি আর কৌশলের কাছে অনেকটাই অসহায় ছিলো কোরিয়ানরা। প্রথমার্ধে ১৪-১১ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।
প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের অভিজ্ঞতার সঙ্গে পেরে উঠেনি দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধে ১৬-৭ পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ। তবে বোনাস পয়েন্টের দিক দিয়ে অনেকটা পিছিয়ে ছিলো বাংলাদেশ। প্রতিপক্ষ ১২টি বোনাস পয়েন্ট তুলে নিলেও বাংলাদেশের বোনাস পয়েন্টের সংখ্যা শূণ্য।
কিন্তু দুই অর্ধ মিলে মোট ছয়টি লোনা লাভ করার ফলে বড় জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশি মেয়েদের। শেষ পর্যন্ত ৩০-১৮ পয়েন্টের জয় নিয়ে স্বর্ণ জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখলো বাংলাদেশের মেয়েরা।