সিসি নিউজ: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এবারে সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালের ১৭ কর্মকর্তা-কর্মচারী পেল ঈদ বোনাস। বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি নিজ উদ্যোগে সোমবার হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঈদ বোনাস প্রদান করেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক সুরত আলী বাবু জানান, হাসপাতালের আয় কমে যাওয়ায় এবারের ঈদে কর্মকর্তা-কর্মচারীদের ঈদ বোনাস প্রদান করার প্রয়োজনীয় কোন অর্থ ছিল না। তাই হাসপাতালের ১৭ কর্মকর্তা-কর্মচারী ঈদ বোনাস পেত না। ফলে ওইসব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার-পরিজন ঈদ আনন্দ থেকে বঞ্চিত হতো। বিষয়টি বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপিকে অবগত করা হয়। পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ঈদ বোনাস প্রদান করেন।
উল্লেখ্য, বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতালটি দীর্ঘ ক’বছর থেকে অর্থ সংকটে ভুগছে। মিলছে না সরকারী কোন প্রকার অনুদান। রোগীর কাছ থেকে পাওয়া ও রোগী বহনকারী এ্যাম্বুলেন্সের ভাড়া থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কোন রকমে চলছে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীর বেতন ও বিদ্যুত বিলসহ আনুষঙ্গিক খরচ। যা ওই অর্থ হাসপাতাল থেকে মিলছে না। ফলে প্রায় বন্ধের পথে বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতালটি।