খেলাধুলা ডেস্ক: শচীন রমেশ টেন্ডুলকার আবার বাংলাদেশে আসছেন। তবে ক্রিকেট খেলতে নয়, ক্লাব উদ্বোধন করতে। ঢাকা প্রিমিয়ার লিগের দল গাজী ট্যাংকের মালিক লুৎফর রহমানের সঙ্গে দীর্ঘদিনের সখ্যতা টেন্ডুলকারের। আর তার বদৌলতে আবার বাংলাদেশের মাটিতে পা দেবেন এ যুগের ডন।
লুৎফর গত বছর তার দল গাজী ট্যাংকের নাম বদলে রাখার জন্য আবেদন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে তাকে অনুমতি দেয়া হয়েছে নাম বদলের। এই ক্লাবটির নাম এখন হবে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’। আর ১৪ অক্টোবর এ নামেরই উদ্বোধন করতে আসার কথা মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকার।
লুৎফর রহমান বলেন, ‘টেন্ডুলকার আমার খুব ভালো বন্ধু। আমি যখন দল কিনি তখনই ও কথা দিয়েছিল উদ্বোধনে আসবে। নিজের কথা রাখতেই ও ঢাকায় আসছে। আমি মনে করি, এটা শুধু আমার ক্লাবের জন্য নয়, গোটা বাংলাদেশের জন্যই একটা মাইলফলক।’
তবে উদ্বোধন করেই চলে যাবেন লিটল মাস্টার। কারণ তখন ভারতে চলবে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। টেন্ডুলকার কেরালা দলের অন্যতম মালিকও।