ঢাকা : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা থেকে অব্যাহতি দিয়েছেন যা ইতিমধ্যে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আব্দুল লতিফ সিদ্দিকীর অব্যাহতি কার্যকর হয়েছে বলেই মেক্সিকো গিয়েও তথ্যপ্রযুক্তির সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার ‘উইটসা এক্সিলেন্স ইন আইসিটি’ তিনি গ্রহণ করতে পারেননি বলে উল্লেখ করেন হানিফ।
আব্দুল লতিফ সিদ্দিকী বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য। লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভার পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ জানান, “দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে সকল সিদ্ধান্ত জানানো হবে।”
সংবাদ সম্মেলনে দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।