ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দলের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সঙ্গে নির্ধারিত বৈঠক করেননি।
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হুদার সঙ্গে বুধবার রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ওই বৈঠকের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত ৯টার দিকে টেলিফোনে বৈঠক বাতিলের কথা জানান বলে নাজমুল হুদা সাংবাদিকদের জানিয়েছেন।
নাজমুল হুদা জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে উৎসুক নেতাকর্মীদের ব্যাপক ভিড়ের কারণেই বৈঠকটি বাতিল করা হয়েছে বলে মনে করেন তিনি। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তাকে চেয়ারপারসনের ব্যস্ততার কারণ দেখিয়েছেন বলে জানান এই সাবেক মন্ত্রী। নাজমুল হুদা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইতিমধ্যে আমার একাধিকবার সাক্ষাত হয়েছে। তিনি জানিয়েছেন যে চেয়ারপারসন আমাকে দলে ফেরাতে চান। আমি নিজেও বিএনপিতে ফিরতে আগ্রহী।”
দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের জন্য ২০১০ সালে তৎকালীন ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদাকে বহিষ্কার করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা। এরপর তিনি গঠন করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। পরবর্তী সময়ে তাকে বিএনএফ থেকেও বহিষ্কার করা হয়। পরে গত মে মাসে তিনি গঠন করেন বাংলাদেশ ন্যাশনাল আ্যলায়েন্স-বিএনএ।