ঢাকা : লতিফ সিদ্দিকী বিদেশে যে আপত্তিকর কথা বলেছেন, এটা কোনো সুস্থ মস্তিস্কের লোকের কথা নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শেখ হাসিনা ও আওয়ামী লীগ এর দায়-দায়িত্ব বহন করবে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া স্কুলে গরীব, দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা তার ব্যাপারে ব্যবস্থা নিতে বিন্দু মাত্র দ্বিধা করেননি। এখন তিনি (লতিফ সিদ্দিকী) মন্ত্রিসভার সদস্য নন। প্রেসিডেন্ট হজে গেছেন। তিনি আসলে কথা বলে তার (লতিফ সিদ্দিকী) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতিয়া চৌধুরী বলেছেন, মুসলমানরা তো এর অবশ্যই ঘৃনা করবে, অন্যরাও ঘৃনা করছে। বাজে কথা বললে কেউ তা সমর্থন করবে না।
মন্ত্রী বলেন, হজে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি। আগামীতে আমরা প্রথম স্থান অধিকার করতে চাই। আপনারা জানেন, ২০০১, ২০০৬ এবং ২০০৮ সাল পর্যন্ত বায়তুল মোকারম মসজিদের সম্প্রসারণ কাজ এবং বাংলাদেশে আরবি বিশ্বাবিদ্যালয় প্রতিষ্ঠার কাজ আওয়ামী লীগ সরকারই করেছে।
তিনি বলেন, পূজা ও ঈদে আমরা আনন্দটাকে সবার মাঝে ভাগ করে নেব। ধর্ম যার যার আনন্দ সবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শেরপুরের জেলা প্রশাসক মো. জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক মাস্টার, ভারপ্রাপ্ত সম্পাদক শহীদউল্লাহ তালুকদার মুকুল।