ঠাকুরগাঁও: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ঈদ ও পূজা কোনোটাই ভালোভাবে পালন করতে পারছে না বাংলাদেশের মানুষ। স্বৈরাচারী আওয়ামী সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে অর্থনীতিকে পঙ্গু করেছে। ফলে দ্রব্যমূল্যের লাগামহীন গতির কারণে মানুষ এখন অসহায়।”
শনিবার দুপুর দুইটায় ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “দখলদারী এই অবৈধ একদলীয় সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই। এখন আমরা সংলাপের প্রস্তাব দিয়েছি। যদি এভাবে কাজ না হয় তাহলে এ গণতন্ত্র বিরোধী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এই ফ্যাসিস্ট সরকারকে হটানো না গেলে দেশের অরাজগতা আরো বেড়ে যাবে। মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে না।”
ফখরুল বলেন, “আওয়ামী লীগ নির্বাচিত সরকার নয়। তারা অনৈতিক সংসদ গঠন করেছে। সংসদে যারা বিরোধী দলে রয়েছে তারাই আবার সরকারের মন্ত্রী। তারা নির্বাচনের নামে প্রহসন করেছেন। এ প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশে মানুষ তৈরি ছিল না। তারা এখনো সুষ্ঠু নির্বাচন চায়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, তাতী দলের আহবায়ক মামুন অর রশিদ, সদর থানা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।