পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া কাশিমগঞ্জ সীমান্তে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গুলি ও বাংলাদেশিদের বাড়িঘর তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাট করেছে ভারতীয় ফাঁসিদোহা বিএসএফ ক্যাম্পের সদস্যসহ ভারতীয়রা ।
স্থানীয়রা জানায়, রোববার সকাল ১০টায় সীমানা পিলার ৪৪৮ অতিক্রম করে ভারতের ফাঁসিদোহা বিএসএফ ক্যাম্পের ১৫/১৬ জন সদস্য ও শতাধিক ভারতীয় বাংলাদেশের কাশিমগঞ্জ গ্রামে প্রবেশ করে ১০/১২ রাউন্ড ফাকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি ও বাড়িঘর তল্লাশী করতে থাকে।
এ সময় বাংলাদেশিরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা তাদের মারধর করে বাড়িঘর ভাংচুর ও মালামাল লুটপাট করে ভারতে ফিরে যায়। খবর পেয়ে গোয়াগছ বিজিবি ফারির সদস্যরা ঘটনাস্থলে এসে বিএসএফদের ফেলে যাওয়া ম্যাগজিন উদ্ধার করে।
বিএসএফের গুলি ও মারপিটে ২ জন বংলাদেশি গুরুতর আহত হলে তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা ঘটনাস্থল, লুটপাট ও ভাঙচুর করা বাড়িঘর পরিদর্শন করেন।
পঞ্চগড় ১৮ ব্যাটেলিয়ন সিও লেঃ কর্নেল আরিফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাংলাদেশের কয়েকজন শ্রমিক ভারতের অভ্যন্তরে মহানন্দা নদীতে পাথর তুলতে গেলে বিএসএফ তাদের ধাওয়া করে সীমানা পিলার ৪৪৮ অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছোড়ে এবং বাড়িঘর তল্লাশিসহ কয়েকজনকে মারপিট করে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে ভারতের কিষানগঞ্জ ৬৬ ব্যাটেলিয়নে প্রতিবাদ জানানো হয়েছে।