দিনাজপুর প্রতিনিধি: হিলি সীমান্তের প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে ভারতীয় অংশে বাড়তি সতর্কামূলক ব্যবস্থা নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় খয়রাগড়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ২ জঙ্গি নিহতের ঘটনায় সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষায় বিএসএফ সদস্যদের নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় বাড়তি বিএসএফ সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে সীমান্তে নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। এছাড়া পাসপোর্টে ভারত ও বাংলাদেশে যাতায়াতকারী নাগরিকদের তল্লাশি পর সীমান্ত পার হতে দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যরা সবসময় সতর্কাবস্থায় থাকে এবং রয়েছে। এছাড়াও সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা কোন সন্ত্রাসী যাতে প্রবেশ করতে না পারে সেজন্য টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খয়রাগড়ায় বোমা বানাতে গিয়ে শাকিল আহম্মেদ ও সুবহান মন্ডল নামে ২ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় ভারতীয় পুলিশ নিহত শাকিলের স্ত্রী রাজিয়া ও আহত আব্দুল হাকিমের স্ত্রী আলিমা বিবিকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হাত বোমা, বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্যসহ বেশকিছু মালামাল জব্দ করে।