ফুলবাড়ী/পার্বতীপুর প্রতিনিধি: পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকান্ড, হত্যা, ডাকাতিসহ ৯ মামলার আসামী এলাকার কুখ্যাত সন্ত্রাসী এনামুল হককে গ্রেফতার করেছে। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের আনন্দবাজার চাঁচেয়া গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সন্ধায় থানার ওসি মাহামুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। আজ শুক্রবার সকালে রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার ওসি মাহামুদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এনামুল হক সম্প্রতি পার্বতীপুর শহরের হলদীবাড়ী এলাকার প্রধান সড়কে ছিনতাইসহ মোটর সাইকেল আরোহীকে হত্যার ঘটনার সাথে জড়িত। তার বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা, অস্ত্র চোরাচালান, ডাকাতি, সন্ত্রাসী কর্মাকান্ডসহ মোট ৯টি মামলা। সম্প্রতি পার্শ্ববর্তী নবাবগঞ্জ থানার এসআই মিজানের মোটর সাইকেল ও তার অস্ত্র ছিনতাই ছাড়াও গোটা উপজেলার বিভিন্ন সড়কের অর্ধ শতাধিক মোটর সাইকেল ছিনতাই ও ডাকাতির সাথে সরাসরি জড়িত থাকারও অভিযোগ রয়েছে এনামুলের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করায় এলাকার সাধারন মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে। এলাকাবাসীরা জানান- আনন্দাবাজার বাজারের বাসিন্দা ও মৌলিভীর ডাঙ্গা প্রাইমারী স্কুলের শিক্ষক হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এই এনামুল হক এলাকায় ডাকাতি, ছিনতাই, অপহরন, মাদক ব্যবসা ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িত ছিল। সম্প্রতি ভবানীপুর বাজারের তছলিম উদ্দিনের বাসায় দুর্ধর্ষ ডাকাতির সময় গৃহকর্তার ছেলে আলম এনামুল হককে চিনতে পারে। থানায় মামলা দেয়া হলেও তৎকালীন ওসি মামলা গ্রহন করেনি। লক্ষী হোসেনপুরের ডাকাত গোলজার হোসেনের সহযোগী হিসেবে সে ডাকাতি সংঘঠিত করে আসছিল।