হিলি প্রতিনিধি: হিলি সিমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক ৭ বাংলাদেশীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার বিকেল ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শূন্য রেখা দিয়ে তাদের বিজিবি কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশীরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বৈরবাড়ি গ্রামের শ্রী পঞ্চাননের ছেলে জয় শঙ্কর (৩৬), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রামের অলঙ্গ বর্মণের ছেলে আনন্দ বর্মণ (১৯), নীলফামারি সদর উপজেলার লক্ষ্মীচাঁদপুরের পূর্বডাঙ্গাপাড়া গ্রামের মৃত সুরেশ চন্দ্রের ছেলে হরী চন্দ্র (১৮), ঢাকার আশুলিয়া থানার ভাটাইল পূর্বপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাবু (১৭), নরসিংদীর বেলাবো উপজেলার পাহারউজিলাপ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আশরাফ (১৯), একই এলাকার আবুল বাশারের ছেলে হাবিবুল্লাহ (২৪) ও জয়নাল আবেদিনের ছেলে কাওসার আহম্মেদ (২৭)।
ফেরত আসা বাংলাদেশীরা জানান, শনিবার সকালে তারা হিলি সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে। এ সময় হিলি ক্যাম্পের সামনের সড়ক থেকে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে রোববার বিকেলে বিজিবিরি কাছে হস্তান্তর করে। তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
পতাকা বৈঠকে ভারতের বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সাব-ইন্সপেক্টর দেবেন্দর সিং এবং বাংলাদেশের বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদসহ উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।