গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়রের বিরুদ্ধে মিথ্যা এবং মানহানিকর ধারাবাহিক সংবাদ প্রকাশের অভিযোগে ক্ষুব্ধ কাউন্সিলরগণ নগর ভবনের সামনে যুগান্তর পত্রিকায় আগুন দিয়েছেন। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেয়র অধ্যাপক এমএ মান্নান এ কথা জানান।
সংবাদ সম্মেলনে জিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আসাদুল কবির, আঞ্চলিক (কর অঞ্চল-৪) নির্বাহী কর্মকর্তা সৈয়দ রবিউল ইসলাম, কর নির্ধারক (কর অঞ্চল-৫) মনসুর আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জিসিসি মেয়র অধ্যাপক এমএ মান্নান জানান, যমুনা শিল্প গোষ্ঠীর চারটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) কোনাবাড়ি এলাকায়। সিটির নিয়ম অনুযায়ী ও বিজিএমইএ’র প্রতিনিধিদের সভার সিদ্ধান্ত অনুযায়ী কর পরিশোধ না করেই সম্প্রতি ওই প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স প্রদানের দাবি জানায়। এতে রাজি না হওয়ার প্রেক্ষিতে এক পর্যায়ে ট্যাক্স পরিশোধের পর ওই শিল্পগোষ্ঠীর দুটি প্রতিষ্ঠানকে পরবর্তীতে ট্রেড লাইসেন্স দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তাদের মালিকানাধীন সংবাদপত্র যুগান্তর ও যমুনা টিভিতে মনগড়া, বাস্তবতা বিবর্জিত ও কল্পনাপ্রসূত সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করেছে। এতে গাজীপুর সিটি কর্পোরেশন ও সিটি মেয়রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার নগর ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় কাউন্সিলরগণ দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়াও তিনি প্রকাশিত ও প্রচারিত খবর অসত্য, বানোয়াট, মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে স্থানীয় ও জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার কর্মসূচির কথা জানিয়েছেন ।
মেয়র আরো জানান, সিটির উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য রাজস্ব আহরণকল্পে ট্রেড লাইসেন্স নবায়নের সময় শিল্প প্রতিষ্ঠানের সুবিধার্থে ২৫-৩০শতাংশ কর আদায়পূর্বক ট্রেড লাইসেন্স দেয়া হচ্ছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর বিধান অনুযায়ী সিটি করপোরেশনের ২৯ জানুযারি পঞ্চম মাসিক সভায় করের হার নির্ধারণ করা হয়।