রংপুর: জাতীয় পার্টিতে অতীতে ষড়যন্ত্রকারীদের নেতৃত্বে রাখায় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের কাছে অব্যাহতি চেয়ে বিলুপ্ত জেলা ও মহানগর কমিটির নেতারা বলেছেন, স্যার যদি আমাদের আকুতি না শোনেন তবে জেলা ও মহানগর এবং সদর উপজেলাসহ ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা গণ পদত্যাগ করবেন।
শনিবার বেলা ১১টার দিকে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার সমর্থকরা এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু নবগঠিত কমিটির মোস্তফা ও ইয়াসিরের নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এরশাদ ও জাতীয় পার্টির সঙ্গে নয়, নেতৃত্বের সঙ্গে আমাদের বিরোধ।’
তিনি বলেন, ‘রংপুরে জাতীয় পার্টিতে আমরা স্যারের নেতৃত্ব এবং তার পারিবারিক নেতৃত্বকে মেনে নেব। কিন্তু যারা অতীতে সংবাদ সম্মেলন করে তৃণমুল জাতীয় পার্টি গঠন করেছিল, তাদেরকে মেনে নেব না।’
আবুল মাসুদ চৌধুরী বলেন, ‘অতীতের ষড়যন্ত্রকারীদের নেতৃত্বে রাখা হলে আমরা স্যারের কাছে পার্টি থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানাচ্ছি। স্যার যদি আকুতি না শোনেন তবে জেলা ও মহানগর এবং সদর উপজেলাসহ ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা গণ পদত্যাগ করবেন।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এরশাদ মুক্তি আন্দোলনের অন্যতম নেতা আব্দুল লতিফ খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদেরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুল আলম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সিদ্দিকী, জাতীয় যুব সংহতির ইউসুফ আহমেদ, শ্রমিক পার্টির সেক্রেটারি রাজু আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর এলজিআরইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি দেয়ার পর রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিলুপ্ত জেলা ও মহানগর কমিটির সভাপতি ছিলেন মসিউর রহমান রাঙ্গা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষসহ বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটে আসছে।