রাজশাহী : জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীতে প্রতিপক্ষের ধাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন যুবদল নেতা মনোয়ার হোসেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার নগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।
নগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতে খায়েরুল আলম জানান, জুয়া খেলা নিয়ে নগরীর মেহেরচন্ডী এলাকায় আশিক ও অসিম নামের দুই যুবকের সঙ্গে বিরোধ ছিল মনোয়ার হোসেনের।
রোববার সন্ধ্যায় মনোয়ার ওই এলাকায় গেলে ওই দুই যুবকের সঙ্গে পুনরায় জুয়া খেলা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মনোয়ার হোসেনকে ধারালো হাঁসুয়া নিয়ে ধাওয়া করে। এ সময় পড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হবে বলেও তিনি জানান।