মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরে কারেন্ট পোকার (বাদামী গাছ ফড়িং) আক্রমণে কৃষককুল দিশেহারা হয়ে পড়েছে। দিনাজপুর সদর উপজেলার দক্ষিন কোতালীর বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় মহামারী আকারে রূপ নিয়েছে কারেন্ট পোকার আক্রমণ।
২০ অক্টোবর সোমবার দিনাজপুর সদরের কমলপুর, আস্করপুর, শংকরপুর, উথরাইল, আউলিয়াপুর ও শশরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সপরজমিনে দেখা যায়, কারেন্ট পোকার আক্রমণ থেকে জমির ধান রক্ষা করতে কৃষকরা জমিতে কীটনাশক স্প্রে করছে। কমলপুর ইউনিয়নের কৃষক আশরাফুল, গোলাম মোস্তফা, মোস্তফা কামাল, বর্গা চাষী দেলোয়ারসহ কয়েকজন কৃষক জানান, বর্তমানে কারেন্ট পোকা এসব অঞ্চলে মহামারী আকারে দেখা দিয়েছে। ভেজাল কীটনাশক ও জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার ফলে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। শতাধিক বালাইনাশক কোম্পানীর কীটনাশক ভেজালের ফলে স্প্রে করা সত্তেও কারেন্ট পোকার আক্রমণ থেকে জমির ধান রক্ষা করা যাচ্ছে না। কৃষকরা জানান, যে সমস্ত কৃষক সিনজেনটা কোম্পানীর প্লেনাম কীটনাশক ব্যবহার করেছে তারা কিছুটা হলেও কারেন্ট পোকার আক্রমণ থেকে জমির ধান রক্ষা করতে পেরেছে। কৃষকরা আরো বলেন, কৃষি বিভাগের এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তা নাহলে কৃষকরা সর্বশান্ত হয়ে পরবে।