সিসি নিউজ: নীলফামারীর বড় মাঠে ২০ দলীয় জোটের আগামী বৃহস্পতিবারের জনসভা সফল করতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) মঙ্গলবার বিকেলে ডিমলায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
প্রয়াত মন্ত্রী শফিকুল গণি স্বপনের বাবুপাড়াস্থ বাসভবনে মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। ন্যাপ উপজেলা সভাপতি শাহ আব্দুল আজিজের সভাপতিত্বে ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, ডিমলা ন্যাপ নেতা নুর মোহাম্মদ খান এতে বক্তব্য দেন।
মতবিনিময় সভায় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাহবুবার রহমানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী ফুলের তোড়া উপহার দিয়ে ন্যাপে যোগদান করেন।
সভায় ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেন, “নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট আন্দোলন চালিয়ে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে আন্দোলন জোরদার করার লক্ষ্যে চলমান কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর সমাবেশে অংশ নেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জনগনের আন্দোলনে অবৈধ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।”