সিসি নিউজ: বসতভিটা নিয়ে সৃষ্ট বিবাদের জের ধরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই মারাত্মক জখম হয়ে সৈয়দপুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বেলাইচন্ডী ইউনিয়নের চাকলাহাট সংলগ্ন খারিজপাড়ায়।
জানা যায়, বসতভিটা নিয়ে ওই গ্রামের মৃত কমির উদ্দিনের দুই পুত্র তাজির উদ্দিন ও ওয়াহেদুল ইসলাম উভয়ের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চাকলার বাজার থেকে বাড়ী যাওয়ার পথিমধ্যে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই ওয়াহেদুল ধারালো অস্ত্র দিয়ে তাজিরকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে তাজিরের শরীরে অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসী ছুটে এলে ওয়াহেদুল পালিয়ে যায় এবং মুমুর্ষ অবস্থায় তাজিরকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টায় এ রিপোর্ট লেখার সময় আহত তাজিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।