ঢাকা: পাঁচ লাখ ৫৫ হাজার ৫৫৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রেস ম্যানেজার মো. ফজলুল করিমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কশিমন (দুদক)।
বুধবার দুপুরে রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ বাদী হয়ে মামলাটি (মামলা নং-৩৭) করেন।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “পাঁচ লাখ ৫৫ হাজার ৫৫৫ টাকার সম্পদের তথ্য গোপনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় রমনা থানায় মামলাটি করা হয়েছে।”