নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-সৈয়দপুর সহাসড়কের পল্লী বিদ্যুত সমিতির কাছে সড়ক দুর্ঘটনায় য্বুদলের ৮ কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ২০ দলীয় জোটের জনসভায় যোগ দিতে আসা যুবদলের কেন্দ্রীয় নেতাদের মটর সাইকেল বহরে ওই দুর্ঘটনা ঘটে।
সূত্র মতে, নীলফামারীর বড় মাঠে ২০ দলীয় জোটের জনসভায় যোগ দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃবৃন্দ বুধবার রাতে নীলফামারীতে আসেন। তারা উত্তরা ইপিজেডের ডিয়াস রেষ্ট হাউজে রাত্রী যাপন করেন। বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের নেতাকর্মীরা মটর সাইকেলের বিশাল বহর নিয়ে কেন্দ্রীয় নেতাদের সভাস্থলে আসার পথে পল্লী বিদ্যুত অফিসের কাছে বহরের সামনের অংশের দুটি মটর সাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের ওপরে পড়ে যায়। এতে মটর সাইকেলে থাকা জেলা যুবদলের ৮ কর্মী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত রায়হান (৩৮) ও তমাল (৩৫) নামের দুই কর্মীকে প্রথমে নীলফামারী আধুনিক হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই দুর্ঘটনায় কেন্দ্রীয় নেতারা অক্ষত রয়েছেন।