ধীমান কুমার রায় নীলু, দেবীগঞ্জ: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের সুন্দরদিঘী খোড়ার পাড় জামে মসজিদের বরাদ্দকৃত অর্থ নিয়ে তেলেসমাতি কারবার হয়েছে। সূত্র মতে, প্রায় ১ মাস পূর্বে মসজিদ ও ঈদগাঁহ মাঠের উন্নয়নের জন্য ১ টন গম বরাদ্দ দেয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বরাদ্দকৃত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন কাজের জন্য মোজাহারুলকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে প্রকল্প সভাপতি ঈদগাঁহ মাঠের উন্নয়ন না করে সমুদয় অর্থ পকেটস্থ করার পায়তারা করে। এ নিয়ে সমজিদ কমিটির সদস্য দুলাল হোসেন, কামাল হোসেন, গোলাম মোস্তফা, হবিবর রহমান হবি গত শুক্রবার জুম্মার নামাজের পর প্রকল্প সভাপতি মোজাহারুল ইসলামের কাছে ঈদগাহ মাঠ এর জন্য বরাদ্দকৃত টাকার হিসাব চাওয়ায় তাদের সাথে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। প্রকল্প সভাপতি এক পর্যায়ে মসজিদ কমিটির কাছে হিসাব দিবে না মর্মে প্রকাশ্যে ঘোষণা দেয় এবং যারা প্রকল্পটির হিসাব নিয়ে বাড়াবাড়ি করবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার হুমকি দেয়। প্রকল্প সভাপতি তার সহযোগী জামাল ও ইকবাল কে নিয়ে বেপরোয়া ভাবে মোটর সাইকেল যোগে মসজিদ থেকে কালীগঞ্জ বাজার আসার পথিমধ্যে একই উপজেলার উত্তর মল্লিকাদহ মোল্লাপাড়া গ্রামের শামসুল হক নামের এক ভিক্ষুককে চাপা দেয়। মোজাহারুল ও তার লোকজনদের কিছুটা জখম হয় এবং ভিক্ষুকের একটি চোখ ও একটি হাতে মারাত্বক জখম হয়। মূমুর্ষ অবস্থায় ভিক্ষুককে স্থানীয় লোকজন উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভিক্ষুকের অবস্থা আশংকাজনক। কর্তব্যরত চিকিৎসরা জানান তার একটি চোখ নষ্ট্ হওয়ার আশংকা রয়েছে।