দিনাজপুর প্রতিনিধি: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ’র হাতে আটক দুই বাংলাদেশিকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে। ফিরে আসা দুই বাংলাদেশি হলেন-দিনাজপুর জেলার বিরল উপজেলার দারুইল গ্রামের বাসারত হোসেনের ছেলে রফিকুল বাশার (২৮) ও একই এলাকার চৌধুরীপাড়া গ্রামের দেবা রায়ের ছেলে তপন চন্দ্র রায় (৩০)।
সোমবার রাত ৭টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে বিএসএফ তাদের ফেরত দেয়। হস্তান্তরের আগে সীমান্তের শূন্যরেখায় বিএসএফ পোস্টে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জাফরুল্লাহ খান এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নাজিমুদ্দিন। এ সময় দু’বাহিনীর অন্যান্য সৈনিকরা উপস্থিত ছিলেন।
ফেরত আসা বাংলাদেশিরা জানান, কাজের সন্ধানে সোমবার সকালে হাকিমপুর উপজেলার হাড়িপুকুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর বাসযোগে বালুরঘাট যাওয়ার পথে হিলি ক্যাম্পের সামনে বিএসএফ সদস্যরা বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নাজিমুদ্দিন জানান, বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তরের পর রাতেই তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।