যশোর: বেনাপোলের পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শার্শা উপজেলা যুবদলের সহসভাপতি হাবিবুর রহমান হবিকে অপহরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে ঢাকার কমলাপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তিনি শিকড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে।
অপহৃতের ভাই জেলা বিএনপির সহ-সভাপতি বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী শামসুর রহমান জানান, হাবিবুর রহমান হবি মঙ্গলবার বিকালে যশোর থেকে বিমানে ঢাকায় যান। ঢাকার শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি গাড়িতে উঠেন।
পরে ব্যক্তিগত কাজের জন্য তিনি ঢাকার কমলাপুর এলাকায় নেমে যান। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ রয়েছে। বিভিন্নস্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। বিষয়টি তিনি র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
তবে বেনাপোলের পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, তিনি বিভিন্ন মাধ্যম থেকে হাবিবুর রহমান হবি অপহরণ হয়েছেন বলে শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনও তাকে কিছুই জানানো হয়নি।