খুলনা: দ্বিতীয় দিন শেষে খুলনা টেস্টে ৩৮০ রানে পিছিয়ে রযেছে সফরকারী জিম্বাবুয়ে। তাই তৃতীয় দিনে প্রতিপক্ষকে খুব দ্রুত আউট করে ফলো-অন করানোর কথা জানিয়েছেন বাংলাদেশের কোচ হাতুরাসিংহে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে টাইগার কোচ বলেন, “আমাদের টার্গেট জিম্বাবুয়েকে ফলোঅনে ফেলা। কাল তৃতীয় দিনে তাদের সবকটি উইকেট ২৩৩ রানের মধ্যে তুলে নেয়াই আমাদের প্রথম টার্গেট।”
খুলনা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে হাতুরাসিংহে আরও বলেন, “তামিম এবং সাকিবের পারফরমেন্সে টিম ম্যানেজমেন্ট দারুণ খুশি এবং আমাদের প্রত্যাশামতোই দলের প্রথম ইনিংস শেষ করতে পেরেছে টাইগাররা। প্রথম দিন উইকেট অনেক স্লো ছিল। কিন্তু আজ উইকেটের কন্ডিশন অনেক ভালো। তাই বড় স্কোর করা সম্ভব হয়েছে।”
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩৩ রানের জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। সফরকারীরা বাংলাদেশে চেয়ে এখনো ৩৮০ রান পিছিয়ে রয়েছে।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে মুশফিকুর রহিমের বাংলাদেশ।