ঢাকা: আগামীকাল শুক্রবার থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে। সকাল ৯টায় জেএসসি’র বাংলা ১ম পত্র এবং জেডিসি’র কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা।
গত ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৪ শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামির হরতালের কারণে তা পিছিয়ে দেয়া হয়।
হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা দু’টো ৭ ও ১৪ নভেম্বর তারিখে পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরে ঘোষিত পরীক্ষা দুটি আগামী ১৯ ও ২০ নভেম্বর পরিবর্তন করা হয়েছে।
জেএসসিও জেডিসি পরীক্ষার ২১ লক্ষ শিক্ষার্থী, তাদের শিক্ষক-অভিভাবকসহ লাখ লাখ আত্মীয়-স্বজন উদ্বিগ্নতার আছে। তাছাড়া আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। সেখানেও আছে ৩০ লাখের অধিক কচিমুখ। ডিসেম্বরে তাদের সঙ্গে যুক্ত হবে লাখ লাখ বার্ষিক চূড়ান্ত পরীক্ষার্থীর দল।
৩ নভেম্বরে নির্ধারিত জেএসসি’র বাংলা ২য় পত্র ১৪ নভেম্বর শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হবে। ৩ নভেম্বরের জেডিসি’র আকাইদ ও ফিকহ এবং আত-তাওহীদ ওয়ালফিকহ (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) পরীক্ষা ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বরের জেএসসি’র ইংরেজি ১ম পত্র ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বরের ইংরেজি ২য় পত্র আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বরের জেডিসি’র আরবি ১ম পত্র ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বরের আরবি ২য় পত্র আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি