আন্তর্জাতিক ডেস্কইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াত উল্লাহ আলী খোমেনীর কাছে চিঠি পাঠিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মোকাবেলায় ইরানের সহায়তার জন্য ওবামা সম্প্রতি এ চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে আমেরিকান প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
চিঠি পাঠানোর এ বিষয়টি দুই দেশের মধ্যকার দীর্ঘ বিরতির কূটনৈতিক সম্পর্কের বরফ গলার মতোই।
পত্রিকাটি জানায়, “গত মাসে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে অংশ নিতে আয়াত উল্লাহ আলী খামেনীর কাছে চিঠি লিখেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।”
চিঠিতে ওবামা লিখেছেন, “আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার বিষয়টিতে পরমাণু আলোচনার সমঝোতাও একটি গুরুত্বপূর্ণ দিক। যৌথ লড়াইয়ে যাবার বিষয়টি অনেকটাই এর উপর নির্ভর করছে। পরমাণু ইস্যুতে আলোচনার ডেড লাইন ২৪ নভেম্বরও একদম সামনে।”
১৯৭৯ সালে ইরানের মার্কিন দূতাবাসে বিক্ষুব্ধ জনতার হামলার পর থেকেই দেশটির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বন্ধ রয়েছে আমেরিকার।
আমেরিকা এখনও ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে প্রচারণা অব্যাহত রেখেছে। তবে এটা আন্তর্জাতিক মহলের কাছে পরিষ্কার যে ইরাক ও সিরিয়া অঞ্চলে স্থিতিশীলতা বজায়ে ভূমিকা রাখতে পারে ইরান।
এদিকে চিঠি পাঠানোর কথা সরাসরি স্বীকার কিংবা অস্বীকার না করে হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেন, “প্রেসিডেন্ট এবং বিশ্বের কোন নেতার মধ্যে ব্যক্তিগত বিষয় সম্পর্কে কথা বলার মতো অবস্থানে আমি নেই।”
বর্তমানে ইরান ও আমেরিকা পরমাণু ইস্যু নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে। আমেরিকা ও আন্তর্জাতিক গোষ্ঠী চাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ করতে এবং শর্তসাপেক্ষে দেশটির উপর থেকে আন্তর্জাতিক অবরোধ উঠিয়ে দিতে। -ডন।