ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “৭ নভেম্বর অন্ধকার থেকে আলোয় আসার দিন। যারা এ দিনটি পালন করেন না তারা গণতন্ত্র চান না। তারা বাংলাদেশকে অস্বীকার করেন।”
শনিবার দুপুর সোয় ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর উপলক্ষে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মির্জা আব্বাসসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।
ফখরুল বলেন, “এখন পুলিশ রাজনৈতিক ভাষায় কথা বলে। পুরো দেশটাই পুলিশের।”
তিনি বলেন, “পুলিশ এতোটাই ক্ষমতাশীল হয়েছে যে তারা সমাবেশ করতে দেয় না, মাইক ব্যবহার করতে দেয় না। এই অবৈধ সরকার পুলিশির ওপর নির্ভর করছে। বর্তমানে রাষ্ট্র পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “যারা জিয়াউর রহমানকে আইএসের চর বলে তারাই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে অথবা ভারতে পালিয়ে গেছেন।”
তিনি বলেন, “আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া দল। এই সরকার অনির্বাচিত সরকার। আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে তারা টিকে আছে। এদের পায়ের নিচে মাটি নেই।”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জিয়াউর রহমানকে ‘চতুর্থ মীর জাফর’ বলায় এর তীব্র নিন্দা ও ধিক্কার জানান মির্জা ফখরুল ইসলাম।