সিসি নিউজ : নবায়ন কিংবা হারালে ১০০ টাকা থেকে ১ হাজার টাকায় জাতিকে স্মার্ট কার্ড দেওয়ার কথা থাকলেও সময় মতো স্মার্ট কার্ড দিতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।
তবে আগামী জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) নবায়ন, হারানোর পর নতুন পরিচয়পত্র পেতে, সংশোধন বা তথ্য উপাত্তসংশোধন করতে নির্দিষ্ট ফি নিবে ইসি।
ইসি সূত্র জানায়, কমিশনের কয়েকটি বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে সংশোধনের পর গত বৃহস্পতিবার কমিশন বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
ফি গ্রহণে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিধিমালা-২০১৪ বিধি- ৮ অনুসারে জাতীয় পরিচয়পত্র প্রথমবার নবায়নে সাধারণ ক্যাটাগরিতে ১০০ টাকা, জরুরি ক্যাটাগরিতে ১৫০ টাকা ফি দিতে হবে।
হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র পেতে প্রথম আবেদনে সাধারণ ক্যাটাগরিতে ২০০ টাকা, জরুরি ভিত্তিতে ৩০০ টাকা। দ্বিতীয়বার আবেদনে সাধারণে ৩০০ টাকা, জরুরি ভিত্তিতে ৫০০ টাকা। পরবর্তী প্রতিবার ৫০০ টাকা আর জরুরি ভিত্তিতে ১ হাজার টাকা দিতে হবে।
আর যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হয় তাহলে প্রথমবার ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা, পরবর্তী যে কোনো বার ৪০০ টাকা দিতে হবে।
তাছাড়া তথ্য উপাত্তসংশোধন করতে প্রথমবার ১০০ টকা, দ্বিতীয়বার ২০০ টাকা, পরবর্তী যে কোনো বার ৩০০ টাকা দিতে হবে।
এ ব্যাপারে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন বলেন, ফি গ্রহণ করার জন্য আমাদের কয়েকটি ব্যাংকের সঙ্গে কথা চলছে। তাছাড়া নির্বাচন কমিশন সচিবের অনুকূলে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে বা কমিশন কর্তৃক নির্দিষ্ট নম্বরে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এনআইডি বিভাগের এক কর্মকর্তা বলেন, স্মার্ট কার্ড এর খসড়া পরিকল্পনা তৈরি করলেও ইসির গাফিলতি, বিভিন্ন জটিলতার কারণে বিজয় দিবসে বা স্বাধীনতা দিবসে স্মার্ট কার্ড দিতে পারছে না ইসি।
তিনি বলেন, স্মার্ট কার্ড আর জাতীয় পরিচয়পত্র এই দুটি আলাদা প্রকল্প। তবে ইসি স্মার্ড কার্ড না দিতে পাড়লেও স্মার্ড কার্ড এর মতো জাতীয় পরিচয়পত্র নবায়ন, হারানো, সংশোধনে টাকা দিতে হবে।
শীর্ষ নিউজ