আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সিন্ধ প্রদেশে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাসটি সোয়াত থেকে করাচি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যম জানায়, দ্রুতগতির বাসটি একটি যান ওভারটেক করার সময় হঠাৎ একটি ট্রাক সামনে পড়ে। এ সময় বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ করতে না পারলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি বিপরীতমুখী হয়ে যায়। ঘটনার পর জরুরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের সুক্কুর ও খাইরপুর জেলা হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, খাইবার পশতুনখাওয়ার সোয়াত জেলা থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি বেশ দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালক। থেরি বাইপাস এলাকায় আরেকটি যানকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
খাইরপুর সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এম জাফর সুম্রো জানান, এ দুর্ঘটনায় অন্তত ৫৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
সিন্ধ গর্ভনর ড. ইসরাতুল ইবাদ খান প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।