সিসি নিউজ: অনুষ্ঠান করে হলরুমের ভাড়া পরিশোধ না করায় চট্টগ্রামে মডেল ও অভিনেতা মনির খান শিমুলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার চিটাগাং ক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারী এ এম আরিফুর রশীদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। তবে মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন শিমুল। তিনি বলেন, চট্টগ্রাম ক্লাবের কাছে তার উল্টো পাওনা রয়েছে। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ মামলা করে আমার ব্যক্তিগত ও সামাজিক সুনাম নষ্ট করেছে। এদিকে মূখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী অভিযোগটি আমলে নিয়ে শিমুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলায় অভিনেতা মনির খান শিমুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে ২০১৩ সালের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান করার জন্য তিনি চট্টগ্রাম ক্লাবের সুইমিং পুল ও হলরুমের একাংশ ভাড়া নেন। পরে ফি বাবদ দুই লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করতে গিয়ে তিনি একটি ভুয়া চেক ধরিয়ে দেন। চেকটি ছিলো ঢাকার মহাখালীর শাখার ফাস্ট সিকিউরিটি ব্যাংকের। বেশ কয়েকবার ওই শাখা থেকে চেকটি বাতিল (ডিজওনার) হয়ে গেলে আরিফুর রশীদ হতাশ হয়ে পড়েন। একপর্য়ায়ে তিনি শিমুলের সঙ্গে যোগাযোগ করলে আজ দেবেন কাল দেবেন বলে তাকে হয়রানি করেন। শেষমেষ বাধ্য হয়ে বাদী আরিফ তার বিরুদ্ধে ৪০৬ ধারায় মামলা করেন। এই বিষয়ে জানতে চাইলে চিটাগাং ক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারী এ এম আরিফুর রশীদ বলেন, মামলা দায়েরের বিষয়টি সত্যি। মামলার বিষয়ে শিমুল বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। তারা যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল আমি তার জবাব দিয়েছি। কিন্তু মামলায় বলা হয়েছে কোন জবাব দেইনি। শুধু তাই না। আমি ক্লাব চেয়ারম্যানের সঙ্গে তিন দফা চেষ্টার পর সাক্ষাৎও তরেছি।