দিনাজপুর প্রতিনিধি : জেলার বিরামপুর উপজেলায় হুন্ডি ব্যবসায়ী সন্দেহে ২০ লাখ টাকা ও পালসার ১০০ সিসি মোটরসাইকেলসহ ২জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিরামপুর উপজেলার বেগমপুর মোড়ে হিলি হাকিমপুর থেকে আসা পালসার মোটরসাইকেলের ২ আরোহীকে তল্লাশি চালিয়ে শরীরে বিশেষ পদ্ধতিতে রাখা তাদের আটক করা হয়।
আটকরা হলেন-হাকিমপুর উপজেলার রায়ভাগ গ্রামের আজিজের ছেলে আলিম (২৮) ও বিরামপুর উপজেলার টেগরা তকিপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে মাহাবুদ (২২)।
তবে হুন্ডির অভিযোগ অস্বীকার করে আলিম ও মাহাবুদ জানান, তাদের কাছে মোট ২১ লাখ ৫৭ হাজার ৫শ’ টাকা ছিল। ইসলামী ব্যাংক বিরামপুর শাখায় জমা দেয়ার জন্য তারা বিরামপুর নিয়ে যাচ্ছিল। টাকাগুলো হুন্ডর নয় বলে তারা দাবি করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, আটক ২ যুবকের দাবি করা অর্থের পরিমাণ সঠিক নয়। প্রকৃতপক্ষে তাদের কাছ থেকে শরীরে বাঁধা অবস্থায় ২০ লাখ ২০ হাজার ১শ’ টাকা উদ্ধার করা হয়েছে।