সিসি নিউজ: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র আজ শনিবার থেকে বিক্রি শুরু হয়েছে। চলবে সোমবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ফি ধরা হয়েছে নগদ ২৫ হাজার টাকা।
১৭ নভেম্বর সোমবার সন্ধ্যা সাতটায় প্র্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
গত ৬ অক্টোবর সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন হবে আগামী ২৩ ডিসেম্বর। নির্বাচন কমিশন গত মঙ্গলবার এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। রাজশাহীতে ইসির আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ২০ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২২ নভেম্বর যাচাই-বাছাইয়ের পর ৩০ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।