ঢাকা : মিথ্যা মামলা দায়ের করে জনপ্রতিনিধিদের আটক করার মাধ্যমে বিএনপিকে নেতৃত্বশূন্য করার নীল নকশা করছে বর্তমান সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়া এই মন্তব্য করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সম্প্রতি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশে বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল ও সমাবেশের ওপর পুলিশি হামলা ও গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
এছাড়া যুবদল সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৮০ জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলীয় নেতাকর্মীরা।
সভায় আরো বলা হয়, ঢাকা মহানগরীতে বিএনপির কর্মীসভা, সমাবেশ, মিছিলের ওপর নিষেধাজ্ঞা প্রদান করে এই অবৈধ সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করছে। বিশেষ করে ঢাকা মহানগরের কয়েকটি থানায় বিনা উস্কানিতে পুলিশের গুলিবর্ষণ, বেপরোয়া লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ এবং নেতা-কর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা জানানো হয়।
বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় পুলিশ দীর্ঘ ১০ বছর পরে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সিলেটের নির্বাচিত মেয়র আরিফুল হক ও হবিগঞ্জের মেয়র জি কে গউছকে অন্তর্ভুক্ত করে নতুন করে চার্জশিট দাখিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভায়।