দিনাজপুর প্রতিনিধি : হিলি সীমান্তসহ জয়পুরহাট-৩ বিজিবি অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রিপিস, ফেনসিডিলসহ বিভিন্ন অন্যান্য দ্রব্য। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তিনি জানান, ব্যাটালিয়ন অধীনস্থ বিভিন্ন ক্যাম্প সীমান্ত এলাকাসহ ট্রেনে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন মালামাল উদ্ধার করে বিজিবি।
উদ্ধারকরা এসব মালামালের মধ্যে রয়েছে-ফেনসিডিল, প্রাকটিন ট্যাবলেট, ডেক্রিন, সেটম্যা, লেডিস চাদর, স্টিল, থানকাপড়, জিরা, হরলিকক্স, শাড়ি, কিচমিচ, আপেল, বৌটুপিসহ ১৫টি আইটেম। এসব মালামালের মোটমূল্য ২২ লাখ ৩৫ হাজার ৮১০ টাকা বলে তিনি জানান।
উদ্ধার হওয়া মালামালের মধ্যে মাদকগুলিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে ও অন্যান্য মালামাল সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেয়া হয়েছে।