ঢাকা : ফেলানী হত্যা মামলার পুনর্বিচারে সাক্ষ্য দিয়েছেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। সাক্ষ্য দিয়ে দেশে ফিরছেন তিনি।
সোমবার ভারতের কুচবিহার জেলা সদরের সোনারী এলাকায় বিএসএফের সেক্টর সদর দফতরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে এ সাক্ষ্য দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন এবং ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর এটিএম হেমায়েতুল ইসলাম।
সাক্ষ্য শেষে সন্ধ্যা ৬ টার দিকে কুচবিহার থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফেলানীর বাবা, পাবলিক প্রসিকিউটর ও ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক। রাতের মধ্যে তারা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
ফেলানী হত্যা মামলার পুনর্বিচার গত ২২ সেপ্টেম্বর শুরু হওয়ার পর ২৬ সেপ্টেম্বর কোর্টের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। এর দেড়মাস পর পুনরায় সোমবার থেকে পুনর্বিচার কার্যক্রম শুরু হয়েছে।
২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ভারতের চৌধুরীহাট বিএসএফ ক্যাম্পের কনস্টেবল অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে নিহত হয় কিশোরী ফেলানী। কাঁটাতারের বেড়ায় তার ঝুলন্ত লাশ নিয়ে দেশে বিদেশে সমালোচনার ঝড় উঠেছিল।